নওগাঁ সীমান্ত থেকে বাংলাদেশি ৭ যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার ভোরে পোরশার হাঁপানিয়া সীমান্তের ২৩১/১০ এস পিলার থেকে তাদের ধরে নিয়ে যায় ক্যাদারীপাড়া বিএসএফ ক্যাম্পের জওয়ানরা।
তারা হলেন, পোরশার দুয়ারপাল গ্রামের সইবুর (২৬), রাঙ্গাপুকুর গ্রামের আতাবুর (২২), বিঞ্চপুর বেড়াচকি গ্রামের রেজাউল ইসলাম (২০), কানাইবাড়ি গ্রামের বিফল (৩০), আজাদ (৩২), জহুরুল (৩২) ও হাকিম (৩৬)।
স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতে ১০-১১ জন যুবকের একটি দল ভারতের অভ্যন্তরে গরু আনতে যায়। ভোরে গরু নিয়ে ফেরার সময় টইলরত বিএসএফ সদস্যরা তাদের তাড়া করে। এসময় কয়েকজন পালাতে পারলেও ৭ জনকে আটক করে ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ জওয়ানরা।
নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম আরিফুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘বাংলাদেশি কয়েকজন যুবককে বিএসএফ ধরে নিয়ে গেছে বলে খবর পেয়েছি। তাদের ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের চেষ্টা চলছে।’
