ডিবি পরিচয়ে ৫ জুয়েলার্সে ডাকাতি

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১০:৫৯ পিএম

নরসিংদীর ঘোড়াশালে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে গত সোমবার রাতে পাঁচটি স্বর্ণ ও একটি চালের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলায় দুজন আহত হয়েছেন। ব্যবসায়ীরা দাবি করেন, বাজারের প্রিয় জুয়েলার্স, মা জুয়েলার্স, মুসলিম জুয়েলার্স, জনতা গহনালয় ও মল্লিক জুয়েলার্স থেকে ডাকাতরা ১০৯ ভরি স্বর্ণালঙ্কার, ৫০০ ভরি রৌপ্য ও ১৮ লাখ টাকা লুটে নিয়ে গেছে। প্রিয় জুয়েলার্সের কর্ণধার ইন্দ্রজিৎ বর্মণ বলেন, ‘খবর পেয়ে ভোরে কর্মচারী ও নৈশপ্রহরীদের একটি কক্ষে বাঁধা অবস্থায় পাই। পরে নিজ নিজ দোকানে খোঁজ নিয়ে ওই পরিমাণ স্বর্ণ ও টাকা লুটের তথ্য জানা যায়।’ নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার জানান, সংঘবদ্ধ ডাকাত চক্রের ২০-২৫ জন রাতে শীতলক্ষ্যা নদী দিয়ে তিনটি স্পিডবোটে বাজারে এসে ডাকাতি করে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে চেষ্টা চলছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত