ভারতের কাছ থেকে বাংলাদেশের লাভবান হওয়ার অনেক সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেছেন, শুধু সীমান্ত রেখা কোনো বিভেদ সৃষ্টি করতে পারেনি বন্ধুপ্রতিম দুটি দেশের মানুষে-মানুষে। দুটি দেশের মানুষের মাঝে বন্ধুত্বের দৃঢ়তা পারস্পরিক অধিকার সংরক্ষণে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। কখনই বন্ধু বন্ধুকে এবং ভাই ভাইকে কোনো অধিকার থেকে বঞ্চিত করতে পারে না।
গতকাল মঙ্গলবার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ভারতের আসাম থেকে আসা উচ্চপদস্থ একটি সাংস্কৃতিক প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে জিএম কাদের এসব কথা বলেন। প্রখ্যাত শিল্পী ভ‚পেন হাজারিকার অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিনিধিদলটি বাংলাদেশে এসেছে।
এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, ‘বাংলাদেশ আর ভারতের মানুষের মাঝে বন্ধুত্বের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। ভাষা ও সংস্কৃতিতে রয়েছে দারুণ মিল। তাই আমরা ঐতিহ্যের বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে চাই।’
