রদ্রিগোর হ্যাটট্রিক বেনজেমার জোড়ায় রিয়ালের বিশাল জয়

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০৯:১৭ এএম

দুর্দান্ত ফুটবল খেললেন রদ্রিগো। হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ব্রাজিলিয়ান এই তরুণ ফরোয়ার্ড। করিম বেনজেমাও কম যাননি। করেছেন জোড়া গোল। আক্রমণভাগের দুই খেলোয়াড়ের নৈপুণ্যে নিজেদের মাঠে তুরস্কের ক্লাব গ্যালাতাসারাইকে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।

সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের ‘এ’ গ্রুপের ম্যাচে তুরস্কের ক্লাবটিকে ৬-০ গোলে হারায় জিনেদিন জিদানের দল। প্রথমার্ধে চার গোল করার পর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে খেলা শেষ করে তারা।

বিশাল এই জয়েও গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে ফেরা হয়নি রিয়ালের। চার ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে তারা। গ্রুপের অপর ম্যাচে ক্লাব ব্রুজকে ১-০ গোলে হারানো পিএসজি ১২ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।

নিজেদের মাঠে খেলার শুরু থেকেই দাপট দেখায় রিয়াল। চতুর্থ মিনিটেই দলকে এগিয়ে রদ্রিগো। মার্সেলোর ক্রস থেকে বাঁ পায়ের শটে গোলটি করেন উদীয়মান ফুটবলার। এর তিন মিনিট পর ফের জাল খুঁজে নেন রদ্রিগো। এবার মার্সেলোর ক্রসে হেডে গোল গোলটি করেন ১৮ বছর বয়সী এই ফুটবলার।

চতুর্দশ মিনিটে পেনাল্টি থেকে দলকে তৃতীয় গোল এনে দেন অধিনায়ক সের্হিও রামোস। রিয়ালের মিডফিল্ডার টনি ক্রুস ডি-বক্সে ফাউলের শিকার হলে ভিএআর দেখে স্পটকিকের বাঁশি বাজান রেফারি।

বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে গোলের খাতা খোলেন বেনজেমা। রদ্রিগোর পাস থেকে ডি-বক্সের মাঝামাঝি থেকে সফল শটে দলকে ৪-০ ব্যবধানে এগিয়ে নেন ফরাসি এই স্ট্রাইকার।

ম্যাচের শেষ দিকে ফের জ্বলে ওঠে রিয়ালের আক্রমণভাগ। দানি কারভাহালের সহায়তায় ফের জাল খুঁজে নেন বেনজেমা। সেই সঙ্গে যোগ করা সময়ে রক্ষণচেরা পাস দিয়ে রদ্রিগোর হ্যাটট্রিক পূরণে সহায়তা করেন তিনি।

‘নতুন নেইমার’ নামে পরিচিতি পাওয়া রদ্রিগো চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিকের দেখা পাওয়া দ্বিতীয় কম বয়সী খেলোয়াড়। প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করার রেকর্ডটি রিয়ালেরই সাবেক কিংবদন্তি রাউলের দখলে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত