উচ্চতা নিয়ে বিপাকে আফগানিস্তানের এই ক্রিকেট সমর্থক

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০৩:৪৭ পিএম

লক্ষ্ণৌতে চলছে আফগানিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার ওয়ানডে সিরিজ। স্বাভাবিকভাবেই ক্রিকেট প্রেমীদের ভিড় বেড়েছে শহরে। আর এই ভিড়ের মধ্যেই বেশ বিড়ম্বনায় পড়েছেন শের খান নামের ক্রিকেট ভক্ত।

ম্যাচ দেখতে সুদূর আফগানিস্তান থেকে লক্ষ্ণৌতে উড়ে এসেছেন ক্রিকেট অনুরাগী শের খান। তবে এই শহরে একখানা হোটেলেও ঠাঁই মিলছে না তার। ভিড়ের জন্য বা হোটেল অপ্রতুল বলে নয়। শের খানের যোগ্য কোনো রুমই নেই কোনো হোটেলে। কারণ শের খানের উচ্চতা! ৮ ফুট ২ ইঞ্চি! স্বাভাবিকভাবেই মাথা গোঁজার জায়গা নিয়ে সমস্যায় পড়েছেন তিনি।

বেশ কয়েকটি হোটেলে গিয়েছেন। কিন্তু কোনো হোটেল উচ্চতার জন্য রুম ভাড়া দিতে রাজি হয়নি বলেই শের খানের অভিযোগ। স্বাভাবিকভাবেই একা এক নতুন শহরে এই বিড়ম্বনার মুখে পড়ে বেশ হতাশ শের খান। কোনো উপায় না দেখে অগত্যা স্থানীয় পুলিশের কাছেই সাহায্য চেয়েছেন। গত মঙ্গলবার রাতে অবশেষে রাতটুকু কাটানোর জন্য নাকা এলাকার হোটেল রাজধানীতে পুলিশ তার থাকার ব্যবস্থা করে দেন।

প্রকাণ্ড লম্বা মানুষটাকে দেখতে কয়েক শ কৌতূহলী মানুষের ভিড় জমে যায় হোটেলের বাইরে। হোটেল মালিক রানু এএনআইকে বলেন, “প্রায় ২০০ জন মানুষ শের খানকে দেখতে এসেছেন। তিনি খুবই বিরক্ত হয়েছেন।”

হোটেলের বাইরে লোকজন জড়ো হওয়ার কারণে পুলিশ শের খানকে পরে একানা স্টেডিয়ামে নিয়ে যেতে বাধ্য হয়। ওই স্টেডিয়ামেই আন্তর্জাতিক ম্যাচটি হচ্ছে। রানু জানান, আগামী চার থেকে পাঁচ দিন এই শহরেই থাকবেন শের খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত