ভারতীয় নাগরিককে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়ায় নতুন বিতর্ক!

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১০:৫৯ পিএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নিয়ম অনুযায়ী কোনো বিদেশি নাগরিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবেন না। কিন্তু ৭ নভেম্বর ২০১৭-২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রজ্ঞাপন প্রকাশ করার পর দেখা গেল এক ভারতীয় নাগরিককে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ২০১৭ সালের ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের জন্য ‘সেরা সম্পাদক’ হিসেবে মো. কালামের নাম ঘোষণা করেছে।যিনি একজন ভারতীয় নাগরিক। এমন ঘটনায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এখন প্রশ্ন উঠেছে নিষেধ থাকা সত্ত্বেও একজন ভারতীয় নাগরিকের নাম কীভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় এলো। এ প্রসঙ্গে ২০১৭ সালের পুরস্কারের জুরি বোর্ডের সদস্য ও চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার দেশ রূপান্তরকে বলেন, ‘এই ভুলটা কেমনে হয়েছে তা বলতে পারব না। কারণ প্রযোজক প্রতিষ্ঠান তালিকাটা দেয় পুরস্কার কমিটির কাছে। পুরস্কার কমিটির পেপার নেওয়ার দায়িত্বে যে কর্মকর্তারা থাকেন তারা কাগজপত্র বুঝে নেন। ভুলটা হয়তো সেখানেই হয়েছে। আমাদের কাছে যখন নামগুলো আসে তখন আমরা সিনেমা দেখে নির্বাচন করি যে কোন সিনেমাটা ভালো, সিনেমার নানা ক্ষেত্রের জন্য নম্বর দিই। আর ওই ব্যক্তি মুসলমান হওয়ায় আমরাও ঠিকমতো বুঝতে পারি নাই তিনি ভারতীয় না বাংলাদেশি। আমাদের কাছে যে লিস্ট এসেছে সেই লিস্ট ধরেই কাজের মূল্যায়ন করেছি।’

তিনি আরও বলেন, ‘যেহেতু অভিযোগ উঠেছে তাই ভুলটা খতিয়ে দেখা হবে। সামনের যেকোনো কার্য দিবসে এ বিষয়ে মিটিং করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। এ ক্ষেত্রে যিনি দ্বিতীয় অবস্থানে আছেন তাকে হয়তো এই পুরস্কার প্রদান করা হতে পারে।’

গুলজার আরও বলেন, ‘প্রযোজনা সংস্থা যদি ভুল করে থাকে তাহলে পুরস্কার কমিটির কিছু করা থাকে না। আর সচেতনভাবে আমরা কোনো বিদেশিকে পুরস্কার দিইনি। আর নিরপেক্ষ বিচারের জন্য মার্কিংয়ের সময় কারও নাম আমাদের দেওয়া হয় না, শুধু পদবি দেওয়া হয়। সেভাবেই আমরা বিচার করেছি, কারও নাম দেখিনি।’

কলকাতার বাসিন্দা কালাম বাংলাদেশের ‘ঢাকা অ্যাটাক’ ছাড়াও ‘পোড়ামন ২’, ‘দহন’সহ বেশ চলচ্চিত্র সম্পাদনা করেছেন। তার সম্পাদিত কলকাতার চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে, ‘বস’ ‘খোকা ৪২০’, ‘খোকাবাবু’, ‘বিন্দাস’, ‘প্যান্থার’, ‘কিডন্যাপ’, ‘শেষ থেকে শুরু’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত