সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নের বরগাঁও আদমপুর গ্রামের ওমর আলী মুন্সির একটি বসতঘর থেকে গোখরা সাপের আটটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। সাপের বাচ্চাগুলো দেখতে ওমর আলীর বাড়িতে শত শত লোক ভিড় করে।
ওমর আলীর ছেলে আজিজ মিয়া জানান, কয়েক দিন আগে তাদের বসতঘরের মেঝেতে সাপের খোলস দেখতে পান তার স্ত্রী। গত বৃহস্পতিবার সকালে ঘরের মেঝেতে বিছানো রেকসিনের নিচে একটি গোখরা সাপের বাচ্চা দেখতে পেয়ে সেটি মেরে ফেলেন।
গতকাল শুক্রবার সকালে রূপগঞ্জের তারাব এলাকা থেকে মোস্তফা ও মতিন মিয়া নামে দুই সাপুড়েকে ডেকে আনা হয়। তারা মাটি খুঁড়ে গোখরা সাপের আট বাচ্চা ও ৩০টি ডিমের খোসা উদ্ধার করেন।
