ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ইবি ওসি জাহাঙ্গীর আরিফ নিশ্চিত করেছেন।
তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘গত ২ নভেম্বর রাকিবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন ইবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম। ওই মামলায় গ্রেপ্তার এড়াতে পলাতক ছিলেন রাকিব। শুক্রবার রাকিব কুষ্টিয়া শহরে অবস্থান করছেন- এমন সংবাদে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কুষ্টিয়া মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন। শনিবার কোর্টের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
জানা যায়, গ্রেপ্তার হওয়ার আগে সাধারণ সম্পাদক রাকিব কুষ্টিয়া মডেল থানায় নিরাপত্তাহীনতায় ভুগছি মর্মে জিডি করেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, ‘আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন নম্বর থেকে কল করে হত্যার হুমকি দেওয়া হয় এবং ক্যাম্পাসে প্রবেশে নিষেধ করা হয়।’
প্রসঙ্গত, নিয়োগ বাণিজ্যসহ বেশ কিছু অভিযোগে ব্যাপক আলোচিত হন ছাত্রলীগের ইবি শাখা সাধারণ সম্পাদক রাকিব। এমন অভিযোগে তার বহিষ্কার দাবিসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।
