জাতীয় পার্টিকে দেশের সাধারণ মানুষের ভরসার একমাত্র স্থান বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেন, দেশের মানুষ বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টিকেই আশা করছে। একমাত্র জাতীয় পার্টিই দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে।
শনিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের গাজীপুর মহানগরের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।
ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সভায় প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এস এম ফয়সল চিশতী, গাজীপুর মহানগর সভাপতি আলহাজ আব্দুস সাত্তার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ঘূর্ণিঝড় বুলবুলের বিরূপ প্রভাব থেকে সাধারণ মানুষের জানমাল বাঁচাতে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সক্রিয়ভাবে কাজ করতে নির্দেশ দিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। শনিবার এক বিবৃতিতে উপকূলীয় এলাকাসহ সারা দেশে সম্ভাব্য ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবিলায় সরকারি উদ্যোগকে সহায়তা করতে নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি।
