চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কাদামাটিতে আটকে পড়া একটি হাতিকে উদ্ধার করা সম্ভব হলেও ওই মা হাতিটি জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে বলে জানা গেছে।
শনিবার বিকেলে স্থানীয় বন বিভাগ ও পুলিশ প্রশাসন সম্মিলিতভাবে হাতিটিকে কাদামাটি টেনে তুলে শুকনো জায়গায় সরিয়ে নিতে সক্ষম হয়। উপজেলার পদুয়া রেঞ্জের ডলু বিটের চাকমার জুম এলাকায় হাতিটি কাদামাটিতে আটকা পড়েছিল।
চুনতি অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মঞ্জু আলম জানান, চাকমার জুম পাড়ায় কাদামাটিতে আটকে পড়া হাতিটিকে মোটা দড়ি দিয়ে টেনে শুকনো জায়গায় সরিয়ে আনা হয়েছে। হাতিটির বাম পায়ে মোটা ক্ষত থাকায় সেটি দাঁড়াতে পারছে না।
তিনি আরও জানান, হাতিটি একটি মা হাতি। ধারণা করা হচ্ছে অতি সম্প্রতি সেটি বাচ্চা প্রসব করেছে। বর্তমানে চকরিয়া সাফারি পার্কের পশু চিকিৎসকের মাধ্যমে হাতিটির চিকিৎসা চলছে।
এ ব্যাপারে পদুয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সরোয়ার জাহান বলেন, আমরা হাতিটি উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করেছি। উদ্ধারের পর চিকিৎসার ব্যবস্থা নিয়েছি।
চকরিয়া সাফারি পার্কের চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, হাতিটি খুব দুর্বল এবং পায়ে ক্ষত থাকায় সেটি দাঁড়াতেই পারছে না। তবে দুপুরে কলাগাছ, ধানগাছ ও পেঁপে খেয়েছে। হাতিটির বাঁচার সম্ভাবনা ক্ষীণ।
চুনতি অভয়ারণ্যের সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ইসমাইল মানিক বলেন, অভয়ারণ্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। বনাঞ্চল ধ্বংসের কারণে খাদ্যের অভাবে হাতিগুলো লোকালয়ে এসে এভাবে মারা যাচ্ছে।
