দূষণমুক্ত ও পরিবেশবান্ধব ভৈরবের দাবিতে গতকাল শনিবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (বিছাস)।
সংগঠনের কর্মীরা তাদের বক্তব্যে বলেন, ভৈরবের মেঘনা নদীর তীরে একটি সড়ক সেতু ও দুটি রেল সেতুর নিচে কেপিআই (রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ) এলাকায় কয়লার অবৈধ মজুদ গড়ে তুলে ব্যবসা করছে একটি প্রভাবশালী মহল। এতে করে ওই সব স্থাপনা যেমন দুর্ঘটনার ঝুঁকির মধ্যে পড়েছে, তেমনি কয়লার ধূলি-কণা ও তেজস্ক্রিয়তায় এলাকার পরিবেশ দূষণ হয়ে স্থানীয়রা শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন।
বক্তব্য দেন সংগঠনের সভাপতি তাহমিদ ওয়াসিফ পার্থ, সাধারণ সম্পাদক রেদুয়ান আহমেদ শোভন, সদস্য কাওসার আহমেদ ছিদ্দিকী, ফুরকান আহমেদ, গোলাম মোস্তফা, শাহিদুল হক ইমন, জাহিদুল হক পাপ্পু, আশফিকুজ্জামান সিদ্দিকী প্রমুখ।
প্রসঙ্গত, কয়লা বাণিজ্যজনিত কারণে ভৈরবে পরিবেশদূষণের আশঙ্কা নিয়ে চলতি বছরের ১৯ জানুয়ারি দৈনিক দেশ রূপান্তরের শেষ পাতায় প্রতিবেদন প্রকাশিত হলে এলাকার সুধী মহলের দৃষ্টি কাড়ে।
এতে আলোচনায় আসে কয়লাজনিত পরিবেশদূষণের বিষয়টি।
