বুলবুলের প্রভাবে বরিশাল নগরীতে জলাবদ্ধতা, বিদ্যুৎ বিচ্ছিন্ন

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১২:০২ পিএম

বরিশালে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, গাছপালা উপড়ে পড়েছে। বৃষ্টি এবং জোয়ারের পানিতে বরিশাল মহানগরসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

গত ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থা বিরাজ করছে। সোমবার সোয়া ১১টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দিতে পারেনি বিদ্যুৎ বিভাগ। চরম বিপর্যয়ের মুখে রয়েছেন বাসিন্দারা।

এদিকে কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা দাবি করেছেন, বুলবুলের প্রভাবে উপকূলসহ বিভিন্ন জেলায় ২৫ হাজার হেক্টর আমন ধান, ১২০০ হেক্টর সবজি ক্ষেত, ক্ষতিগ্রস্ত হয়েছে। বরগুনায় বিধ্বস্ত হয়েছে অন্তত ৫০০ ঘরবাড়ি।

ভোলায় অর্ধ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। ক্ষতি হয়েছে রাস্তাঘাট, ফসলি জমি, মৎস্য খামার। এছাড়াও বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্ত বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী ও ঝালকাঠি জেলায়। এসব জায়গায়ও নষ্ট হয়েছে জমির ফসল।

গত রবিবার সকাল থেকে দমকা হাওয়া ও বৃষ্টিতে বরিশাল নগরের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। দুপুর ১২টার দিকে গোটা শহর প্লাবিত হয়ে যায়।

image

সব সড়কের ওপর হাঁটুসমান পানি জমে যায়। নগরের অনেক বাড়ির নিচতলায় পানি জমে যায় এবং ব্যবসা প্রতিষ্ঠনে পানি জমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছে। সড়কের ওপর দিয়ে পানির স্রোত এমনভাবে প্রবাহিত হয়েছে, দেখে মনে হয়েছে নদী।

সরেজমিনে দেখা গেছে, নগরের কবি জীবনানন্দ দাশ সড়কের মুন্সি গ্যারেজ, অক্সফোর্ড মিশন স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বিএম স্কুল রোড, বাংলাদেশ ব্যাংক মোড়, অপসোনিন, বটতলা, সদর রোড, ফজলুল হক অ্যাভিনিউ, কালিবাড়ি রোড, শ্রীনাথ চ্যাটার্জী লেন, ভাটিখানা, আমানতগঞ্জ, পলাশপুরসহ পুরো নগরে জলাবদ্ধতা দেখা দেয়। সোমবার সকালেও অনেক সড়কে পানি জমে থাকতে দেখা গেছে।

এদিকে গত রবিবার সকাল থেকে সোমবার বেলা সোয়া ১১টা পর্যন্ত নগরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ না থাকায় দেখা দিয়েছে খাবার পানিসহ নানা সমস্যা।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা আলতাফ হোসেন জানান, অনেক স্থানে বিদ্যুতের লাইনের ওপর গাছ উপড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি। বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য বিদ্যুৎ বিভাগ চেষ্টা চালাচ্ছে।

এদিকে বুলবুলের প্রভাব কমে যাওয়ায় বরিশাল নৌবন্দর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে। সোমবার থেকে সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত