শহীদ নূর হোসেন নেশাগ্রস্ত ছিলেন, ইয়াবা এবং ফেনসিডিল আসক্ত ছিলেন এমন বক্তব্য দেওয়ায় জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার শাস্তি দাবি করেছেন স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবি জানান।
বিবৃতিতে নেতারা বলেন, পতিত স্বৈরাচার এবং তার সহযোগীদের ইতিহাসের আস্তাকুঁড়ে থাকার কথা ছিল। ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির সুবিধাভোগী রাজনৈতিক দুর্বৃত্তরা এখন গণঅভ্যুত্থানের চেতনাকে যেমন অপমানিত করছে তেমনি সংগ্রামী চরিত্রগুলোকেও কলঙ্কিত করতে উদ্যত। এরশাদ স্বৈরাচারের সহযোগীরা নানা সময়ে সুযোগ-সুবিধা বুঝে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রদান করে চলেছে, যা দেশের সচেতন মানুষ সহ্য করবে না। বিবৃতিতে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়। পাশাপাশি নেতৃবৃন্দ স্বৈরাচার ও তার সহযোগীদের রাজনৈতিকভাবে বয়কটেরও আহ্বান জানান।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন সাবেক ছাত্রনেতা ডা. মোশতাক হোসেন, আনোয়ারুল হক, নাজমুল হক প্রধান, শফি আহমেদ. মোশরেফা মিশু, রুহিন হোসেন প্রিন্স, বেলাল চৌধুরী, রাগীব আহসান মুন্না প্রমুখ।
