আসছে স্প্যানিশ সুপার কাপে কঠিন প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা। ফাইনালে ওঠার লড়াইয়ে লা লিগা চ্যাম্পিয়নরা লড়বে শক্তিশালী আতলেতিকো মাদ্রিদের সঙ্গে।
সোমবার স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের করা প্রতিযোগিতাটির চার দলের ড্রয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনার চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের দল লড়বে ভালেন্সিয়ার সঙ্গে।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী তিন বছর সুপার কাপের আসর বসবে সৌদি আরবে।
২০২০ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া সুপারকাপে অংশ নেবে চারটি দল- বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও ভালেন্সিয়া। গত লিগে মৌসুমের পয়েন্ট টেবিলের সেরা চার দলের সমন্বয়ে অনুষ্ঠিত হবে আসছে আসর।
জেদ্দায় কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আগামী বছরের ৮ জানুয়ারি রিয়াল ও ভালেন্সিয়া মধ্যকার প্রথম সেমি-ফাইনালটি মাঠে গড়াবে। পরের দিন আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লড়বে বার্সেলোনা।
একই ভেন্যুতে ফাইনাল হবে ১২ জানুয়ারি।
