গাজায় বিমান হামলা চালিয়ে ইসলামিক জিহাদ কমান্ডারকে হত্যা করল ইসরায়েল

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১১:৪২ এএম

ফিলিস্তিনে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের এক শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল। মঙ্গলবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় তার সঙ্গে নিহত হন আরও এক নারী।

রয়টার্স জানায়, গাজায় শেজাইয়া জেলায় নিজস্ব বাসভবনে হামলা চালিয়ে ইসলামিক জিহাদ নেতা বাহা আবু আল-আত্তাকে হত্যা করা হয়। এতে এক নারী নিহত এবং আরও দুজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্দেশে আল-আত্তাকে হত্যার এই অভিযান চালানো হয়েছে।

সম্প্রতি ইসরায়েলের ভেতরে রকেট, ড্রোন ও গুপ্ত হামলার জন্য ইসলামিক জিহাদকে দায়ী করে থাকে ইহুদি রাষ্ট্রটি। 

২০১৪ সাল থেকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিরতি রক্ষা করে আসছে গাজার হামাস সরকার। কিন্তু ইরান সমর্থিত এই গোষ্ঠীর নেতাকে হত্যার ঘটনা হামাসকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে বিশ্লেষকেরা জানিয়েছেন।

এদিকে ঘটনার প্রতিক্রিয়ায় ইসরায়েলে একাধিক রকেট হামলা চালিয়েছে ইসলামিক জিহাদ। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত