ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাদ্দাম হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার যাত্রাপুর চাপরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত সাদ্দাম ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে সরাইল থানাসহ ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
সাদ্দাম জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বেপারীপাড়া এলাকার কাঙ্গাল মিয়ার ছেলে।
এ ঘটনায় তিন ডাকাতকে আটক করা হয়েছে। তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার এলাকার শামছুল হকের ছেলে আকাশ মিয়া (২৭), সরাইল উপজেলার নাথপাড়া এলাকার কাশেম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৫) ও উচালিয়াপাড়া এলাকার আমির হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (২৫)।
আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ জানান, গোপনে খবর পেয়ে পুলিশের একটি দল ডাকাত দল ধরতে যাত্রাপুর এলাকার চাপরবাড়ি এলাকা ঘেরাও করে। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর গুলি চালায়।
এ সময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন সাদ্দাম।
তকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ সময় ডাকাত দলের সদস্য আকাশ, হৃদয় ও আশরাফুলকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
