নানার কাঁচির আঘাতে মায়ের কোলে শিশুর মৃত্যু

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ০৮:০৪ পিএম

নানা করম ফরাজীর কাঁচির আঘাতে মায়ের কোলে থাকা নয় মাস বয়সী নাতনি মরিয়ম মারা গেছে। বুধবার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার সাতবাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, করম ফরাজী ও তার স্ত্রী ফয়জুরী ঝগড়া করছিলেন। এ সময় তাদের মেয়ে জাপানি বেগম শিশু মরিয়মকে কোলে নিয়ে বাবা-মায়ের ঝগড়া থামাতে এগিয়ে যান। ঝগড়ার একপর্যায়ে করম ফরাজী স্ত্রীকে হাতে থাকা কাঁচি দিয়ে আঘাত করলে তা জাপানির কোলে থাকা মরিয়মের মাথায় লাগে। গুরুতর অবস্থায় মরিয়মকে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মরিয়ম সদর উপজেলার কুচিয়ামারা গ্রামের জাহাঙ্গীর শেখের মেয়ে।

মরিয়মের মা জাপানি বেগম জানান, ‘আমি বাবার বাড়িতে বেড়াতে এসেছি। সকালে মা ও বাবা ঝগড়া করছিল, একপর্যায়ে বাবা হাতে থাকা কাঁচি দিয়ে মায়ের গায়ে আঘাত করে। আমি ফেরাতে গেলে আমার কোলে থাকা মেয়ের মাথায় আঘাত লাগে। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র মণ্ডল জানান, অনেক রক্তক্ষরণের ফলে মরিয়ম মারা গেছে।

রাজৈর থানার এসআই জোবায়ের হোসেন জানান, এ ঘটনার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত