ভারতের কেরালার আলোচিত শবরীমালা মন্দিরে নারীদের প্রবেশাধিকার বিষয়ে সেদেশের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার কোনো রায় দেয়নি। আগের রায় পুনর্বিবেচনা মামলার বিষয়টি এবার পর্যালোচনা করা জন্যে ৭ বিচারপতির বেঞ্চের কাছে পাঠিয়েছে দেশটির শীর্ষ আদালত।
২০১৮ সালের সেপ্টেম্বরে ভারতের সুপ্রিম কোর্ট যুগান্তকারী রায়ে বলে, এখন থেকে শবরীমালা মন্দিরে যে কোনও বয়সের যে কোনও নারীর প্রবেশাধিকার রয়েছে। তার আগে, ওই মন্দিরের দেবতা আয়াপ্পার পুজো দেওয়ার জন্য ১০ বছর থেকে ৫০ বছর বয়সী নারীদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা ছিল।
কিন্তু সুপ্রিম কোর্টের ওই রায়ের পরেই কেরালা জুড়ে নানা বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে। তারপরেই শীর্ষ আদালতের রায় পুনর্বিবেচনার কথা বলে ৬০টিরও বেশি আবেদন জমা পড়ে।
গত ৬ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ রায় পুনর্বিবেচনা মামলায় নিজের রায়দান স্থগিত রেখেছিলেন। সেই সময় রায় পুনর্বিবেচনার আবেদন করা বিভিন্ন পক্ষের শুনানি হয়।
বছরে মোট ১২৭ দিন খোলা থাকে শবরীমালা মন্দির। ওই সময় হিন্দু ধর্মের মানুষ মন্দিরটিতে গিয়ে একবার প্রার্থনা করার জন্যে মুখিয়ে থাকেন।
