তূর্ণা নিশিথার চালক ঘুমাচ্ছিলেন না: রেলমন্ত্রী

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১০:১৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রেনের সংঘর্ষের সময় তূর্ণা নিশিথা একপ্রেস ট্রেনের লোকো মাস্টার ঘুমাচ্ছিলেন না বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার রাজধানীর রেল ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সংঘর্ষের সময় তূর্ণা নিশিথা এক্সপ্রেসের গতি ছিল ঘণ্টায় ২০-২৫ কিলোমিটারের মতো। সংঘর্ষের আগে এর গতি ছিল ঘণ্টায় ৬০ কিলোমিটারেরও বেশি। লোকো মাস্টার জেগে ছিলেন বলেই গতি কমিয়েছিলেন।

রেলমন্ত্রী বলেন, স্বয়ংক্রিয় পদ্ধতিতে এসব তথ্য রেকর্ড করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর সব কিছু বিস্তারিত জানা যাবে।

এ সময় আগামী সপ্তাহে তদন্ত প্রতিবেদন হাতে পাবেন বলেও জানান নুরুল হক সুজন। 

তিনি বলেন, এরপর তদন্ত কমিটির প্রতিবেদন সম্পর্কে সবাইকে অবহিত করা হবে।

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় তূর্ণা নিশিথা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে ৫ শিশুসহ ১৬ জনের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হন আরও অনেকে।

ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় তূর্ণা এক্সপ্রেসের লোকো মাস্টারসহ দায়িত্বরতদের আটক করা হয়।

এদিকে এ ঘটনায় তূর্ণা নিশিথার লোকো মাস্টার তাসের উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট লোকো মাস্টার অপু দেব ও প্রহরী আব্দুর রহমানকে বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। 

এ ছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত