তৌহিদের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১১:৫৪ পিএম

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় যুব ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৬১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অপরাজিত সেঞ্চুরির দারুণ এক ইনিংস খেলেছেন তৌহিদ হৃদয়। যুব ওয়ানডেতে বাংলাদেশ গড়েছে নিজেদের সর্বোচ্চ রানের সংগ্রহ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩৪০ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। যুব ওয়ানডেতে যা বাংলাদেশের সর্বোচ্চ। জবাব দিতে নেমে ৩১.২ ওভারে ১৭৯ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।

প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জয় পায় ৫ উইকেটে। ফলে ২-০ তে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।

আগের ম্যাচে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলা তৌহিদ হৃদয় এদিন খেললেন অপরাজিত ১২৩ রানের ইনিংস। তার ৯৮ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ৬টি ছক্কা। এ ছাড়া ওপেনার তানজিদ হাসান ৬০, মেহেদী হাসান জয় ৫২ ও অধিনায়ক আকবর আলী ৫২ রানের ইনিংস খেলেন। তাতেই তিন শ ছাড়ানো পুঁজি পায় স্বাগতিকেরা।

জবাব দিতে নেমে মোহাম্মদ শামাজ ও নভদ পারানাভিথানা দুর্দান্ত শুরু করেন। ৩৫ বলে যোগ করে ফেলেন ৬৪ রান। এরপরই অবশ্য ছন্দ পতন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে গুটিয়ে যায় দলটি। সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন পারানাভিথানা।

বাংলাদেশের বিপক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। ম্যাচসেরা হয়েছেন তৌহিদ হৃদয়।

রবিবার সিরিজের চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত