নতুন উত্তেজনায় হংকং, সংঘর্ষে নিহত আরও এক ব্যক্তি

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ০২:৪২ পিএম

হংকংয়ের বিক্ষোভে আরও এক ব্যক্তির নিহতের ঘটনা ঘটেছে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে মৃত্যু হয় ৭০ বছর বয়সী এক পরিচ্ছন্নতাকর্মী।

বিবিসি জানায়, হংকংয়ের সীমান্ত শহর শেয়ুং শুইয়ে বিক্ষোভ ও সংঘর্ষ চলাকালীন ওই ব্যক্তি মাথায় আঘাত পান। এতে তার মৃত্যু ঘটে।

গত কয়েক মাসের বিক্ষোভে এ নিয়ে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটল হংকংয়ে। এই মাসের শুরুর দিকে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যকার সংঘর্ষে বহুতল পার্কিং ভবন থেকে পড়ে মারা যান এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।

এই ঘটনাকে কেন্দ্র করে নতুন উত্তেজনা সৃষ্টি হয় বিক্ষোভে। সোমবার প্রথমবারের মতো গুলি চালায় পুলিশ। এতে দুই বিক্ষোভকারী আহত হন।

এদিকে পরিচ্ছন্নতাকর্মী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে চীন। এই ঘটনার তদন্তের ঘোষণা দিয়েছে দেশটি।

ভিডিওতে দেখা যায়, দুই পক্ষ পরস্পরের দিকে পাথর ছোড়াছুড়ির মধ্যখানে পড়েন ওই ব্যক্তি। মাথায় পাথরের আঘাত পেয়ে একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এক পুলিশ কর্মকর্তা জানান, ওই ব্যক্তি বিক্ষোভের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি সে সময় ছবি তুলছিলেন। বৃহস্পতিবার তিনি হাসপাতালে মারা যান।

ব্রিটিশ উপনিবেশ থেকে চীনাদের শাসনে আসার পর সময়ের সবচেয়ে বড় সংকট মোকাবিলা করছে হংকং। চীনে বন্দী প্রত্যর্পণ আইন থেকে সূত্রপাত হওয়া বিক্ষোভ ক্রমশ গণতন্ত্রের দাবির আন্দোলনে রূপ নিয়েছে।

প্রস্তাবিত বিলটি সরকার আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের ঘোষণা দিলেও হংকংবাসীরা এখনো বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। বিতর্কিত বিল প্রত্যাহারের মধ্য দিয়ে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের পাঁচ দফা দাবির একটি পূরণ হয়।

বাকি চারটি দাবি হচ্ছে, কয়েক মাস ধরে চলে আসা বিক্ষোভকে ‘দাঙ্গা’ হিসেবে অভিহিত না করা, বিক্ষোভে পুলিশি হামলার নিরপেক্ষ তদন্ত এবং সর্বজনীন ভোটাধিকার নিশ্চিত করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত