প্রিয়জনের সঙ্গে বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে কতো বিচিত্র কাণ্ডই না করে মানুষ। বিশেষ করে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে অনেক মানুষ সৃষ্টি করেন আবেগময় পরিস্থিতি।
বিয়ের আংটি পরিয়ে দেয়ার এ রকম অনেক মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়ায়। এতে বেশ সাড়াও পাওয়া যায় মানুষের।
সম্প্রতি সমুদ্রে ঢেউয়ের ওপর ভাসতে ভাসতে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এক যুবক।
সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের এক ফটোগ্রাফারের ক্যামেরায় এই বিশেষ মুহূর্ত ধরা পড়ে। স্বাভাবিকভাবেই সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হতে দেরি হয়নি।
ডেইলি মেইল জানায়, যুক্তরাষ্ট্রে হাওয়াইয়ের সমুদ্রে সার্ফিং করা ওই ব্যক্তির নাম ক্রিস গার্থ। তার সঙ্গে সার্ফিং করছিলেন প্রেমিকা লরেন ওইয়ে।
বিয়ের প্রস্তাব দিয়ে লরেনকে চমকে দেবেন, এমন পরিকল্পনা ছিল ক্রিসের। আর দুজনেই যেহেতু সার্ফিং করতে ভালোবাসেন। এই জন্য সেটিকেই বেছে নিলেন ক্রিস।
পরিকল্পনা মতো ঢেউয়ের মাঝে সার্ফিং বোর্ডে হাঁটু গেড়ে বসে বাক্স খুলে একটি আংটি নিয়ে লরেনের উদ্দেশ্যে বলেন, ‘উইল ইউ ম্যারি মি।’ আর এদিকে তাজ্জব বনে যান অদূরেই দাঁড়িয়ে থাকা লরেন।
কিন্তু দুঃখের বিষয় হলো যে, সমুদ্রের ওপর দাঁড়িয়ে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে আংটিটি পানিতে পড়ে যায়। তবে তাতে মন খারাপ করতে হয়নি লরেনকে। এমন অঘটন হতে পারে সেটা আগে থেকেই মাথায় রেখেছিলেন ক্রিস।
সৈকতে রেখে দিয়েছিলেন আসল আংটিটি তিনি। সমুদ্রে যেটি পড়ে যায় সেটি ছিল ডামি রিং। সার্ফিং শেষে আসল আংটিতে লরেনের হাতে পড়িয়ে দেন ক্রিস।
