ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ তাণ্ডবে ১৫৯ শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুল-কলেজ-মাদ্রাসার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
জেলা প্রশাসন এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় জানায়, বুলবুলের প্রভাবে বরিশালের ১০ উপজেলায় ৫২টি প্রাথমিক বিদ্যালয়, ৫৮টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৪৯টি মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলে জেলায় ১৫৯টি শিক্ষা প্রতিষ্ঠান কমবেশি ক্ষতির মুখে পড়েছে। অর্থের হিসেবে ৩ কোটি ৩২ লাখ টাকা ক্ষতি হয়েছে।
এদিকে চলতি মাসে বার্ষিক পরীক্ষা এবং ফেব্রুয়ারি মাসের ২ তারিখ এসএসসি পরীক্ষা থাকায় দুশ্চিন্তায় পড়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা। ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত সংস্কারে উদ্যোগ নেওয়া না হলে পাঠদান এবং পরীক্ষা নেওয়া কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছেন শিক্ষকেরা।
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল এলাকার ঐতিহ্যবাহী নিরঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয় ‘বুলবুলের’ তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বিভিন্ন শ্রেণির ক্লাস ও এসএসসি পরীক্ষার্থীদের অতিরিক্ত ক্লাশ কার্যক্রম বন্ধ রয়েছে। এই বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র করা হয়েছে। অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় আসন্ন বার্ষিক পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার হল নিয়ে দুশ্চিন্তায় আছেন শিক্ষকেরা।
নিরঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন বিহারী জয়ধর জানান, ঝড়ে স্কুলের অবকাঠামো বিধ্বস্ত হওয়ায় নিয়মিত ক্লাস এবং আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের অতিরিক্ত ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। তাদের স্কyলে এসএসসি পরীক্ষার কেন্দ« করা হয়েছে। কিন্তু অবকাঠামো মেরামত না করে ওই স্কুলে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব নয়।
ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নিলিমা জাহান বলেন, এসএসসি পরীক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য প্রতিটিস্কুলে অতিরিক্ত ক্লাস নেওয়া হচ্ছে। তাদের স্কুলেও অতিরিক্ত ক্লাস নেওয়া হতো। কিন্তু ঝড়ে স্কুল ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের অতিরিক্ত ক্লাস বন্ধ রয়েছে।
এ ব্যাপারে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, বুলবুলের প্রভাবে ১৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ক্ষতি হয়েছে। তবে অবকাঠামো সংকটের কারণে কোন শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান যাতে বন্ধ না থাকে সেদিকে নজর দেওয়া হচ্ছে। আসন্ন বার্ষিক এবং এসএসসি পরীক্ষা যাতে ব্যাহত না হয় সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। অগ্রাধিকার ভিত্তিতে জেলার ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংস্কারের উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি।
