জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম দলের সদস্য দুই তরুণকে আটক করেছে র্যাব-২ ঢাকা ক্যাম্পের একটি দল। গতকাল শুক্রবার দুপুরে ফরিদপুর সদরের শিবপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের রাজীব বিশ্বাস (২৫) ও রাজবাড়ী সদর উপজেলার গৌরীপুর এলাকার নাইম শেখ (২৪)।
র্যাব জানায়, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে লক্ষ্য করে জঙ্গিরা একটি ছক তৈরি করে। ওই দলের সদস্য হিসেবে কাজ করছে ওই দুই তরুণ। তাদের অনুসরণ করার পর শিবরামপুর এলাকা থেকে দুজনকে আটক করতে সক্ষম হন র্যাব-২ দলের সদস্যরা।
র্যাব-২-এর এসপি মহিউদ্দিন ফারুকী বলেন, এই দলের এক সদস্যকে আগেই গ্রেপ্তার করা হয়। সে বর্তমানে রিমান্ডে রয়েছে। রিমান্ডে থাকাকালে সে জানায়, প্রতি মাসের তৃতীয় শুক্রবার তাদের দলের সদস্যরা বিভিন্ন স্থানে জড়ো হয় এবং পরে তাদের দলের বিভিন্ন কাজে রিক্রুট করা হয়।
