জুনিয়র কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের ব্রোঞ্জ

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১১:৩৯ পিএম

ইরানে অনুষ্ঠিত ছেলেদের প্রথম জুনিয়র বিশ্বকাপ কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ।

শুক্রবার প্রতিযোগিতার দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ৫২-২০ পয়েন্টে হেরে যায় ইরানের বিপক্ষে।

অন্য দিকে প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ৪৯-৩৮ পয়েন্টে হারায় কেনিয়া। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী সেমিফাইনালে পরাজিত দুটি দল পাবে ব্রোঞ্জ পদক। সেই হিসেবে বাংলাদেশ ও পাকিস্তান পেয়েছে ব্রোঞ্জ।

একই দিন ফাইনালে স্বাগতিক ইরান কেনিয়াকে হারিয়ে স্বর্ণ পদক পেয়েছে। কেনিয়াকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দেশটি।

অনূর্ধ্ব-২০ পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ১৩টি দেশ। ‘সি’ গ্রুপ থেকে বাংলাদেশ গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। লাল-সবুজের প্রতিনিধিরা নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারায় ৮৪-১১ পয়েন্টে। দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে হারায় ৪৮-৩৬ পয়েন্টে।

এরপর কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডকে উড়িয়ে দেয় বাংলাদেশ। দলটিকে ৬২-৩৭ পয়েন্টে হারিয়ে নিশ্চিত করেছিল সেমিফাইনাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত