শ্রীলঙ্কায় ভোট দিতে যাওয়ার পথে সংখ্যালঘুদের বাসে গুলি

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১২:০৮ পিএম

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে যাওয়ার পথে সংখ্যালঘু মুসলিম ভোটারদের গাড়িবহরে হামলা চালিয়েছে বন্দুকধারীরা।

শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমাঞ্চলে শনিবার ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ আগে এ হামলা চালানো হয়।

এএফপির বরাত দিয়ে বাসস জানায়, বাসে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এক পুলিশ কর্মকর্তা জানান, হামলাকারীরা রাস্তার ওপর টায়ারে আগুন ধরিয়ে দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভোটারদের বহন করা শতাধিক বাসের ওই বহরে হামলা চালায়।

কলম্বোর প্রায় ২৪০ কিলোমিটার উত্তরের তান্তিরিমালের এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘বন্দুকধারীরা গাড়িবহর লক্ষ্য করে গুলি চালায় এবং ইট-পাথর ছুড়ে মারে। এতে কমপক্ষে দু’টি বাসে গুলি লাগে। তবে আমরা এ হামলায় হতাহতের কোনো খবর পাইনি।’

এই নির্বাচনে ‘অজ্ঞাত কারণে’ প্রতিদ্বন্দ্বিতা করছেন না বর্তমান প্রেসিডেন্ট মাহিত্রিপালা সিরিসেনা। দুই ফুট দীর্ঘ ব্যালটে আছে ৩৫ প্রার্থীর নাম।

প্রার্থীদের মধ্যে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ভাই সাবেক প্রতিরক্ষামন্ত্রী গোতাবায়া রাজাপক্ষে এবং ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল পার্টির সাজিথ প্রেমাদাসা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত