ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণরুম-গেস্টরুম ও সন্ত্রাসবিরোধী’ ৪ দিনব্যাপী স্থির চিত্র প্রদর্শনীর শুরু হয়েছে।
শনিবার ‘বৈধ সিট আমার অধিকার’ মঞ্চের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ১ম বর্ষ হতে বৈধ সিট বরাদ্দ এবং গেস্টরুম নামক টর্চার সেল বাতিলসহ ৬ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান মঞ্চের নেতারা।
স্থিরচিত্র প্রদর্শনীতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমউদ্দিন খান ও ড. মো. আব্দুল মান্নান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেহনুমা আহমেদ প্রমুখ।
এ সময় মঞ্চের মুখপাত্র আরমানুল হক বলেন, দখলদারির রাজনীতিকে প্রশ্রয় দেয়ার জন্য প্রশাসন এবং ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলো যুগ যুগ ধরে সিট দখল ও সিট বাণিজ্য করে আসছে যা ১ম বর্ষ থেকে বৈধ সিট পাওয়ার পথে সব থেকে বড় বাঁধা। গণরুম-গেস্টরুম নির্যাতন থেকে শিক্ষার্থীদের মুক্ত করাই আমাদের লক্ষ্য।
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উমামা ফাতেমা বলেন, বিভিন্ন সরকারের আমলে ক্যাম্পাসের ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলো এই সিট দখল ও সিট বাণিজ্য করে কার্যত ১ম বর্ষের নবাগত শিক্ষার্থীদের জিম্মি করে নিজেদের সন্ত্রাসী রাজনীতির জ্বালানি হিসেবে ব্যবহার করে আসছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘বৈধ সিট আমার অধিকার’ মঞ্চের মাধ্যমে একত্রিত হয়ে এই দখলদারির রাজনীতির বিরুদ্ধে ক্যাম্পাসে সরব আছি।
এই আন্দোলনের ধারাবাহিকতায় শিক্ষার্থীদের সচেতন করতে ‘গণরুম-গেস্টরুম ও সন্ত্রাসবিরোধী’ প্রদর্শনী একই স্থানে ১৬ নভেম্বর থেকে ১৯ নভেম্বর প্রতিদিন সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত চলবে।
মঞ্চের ৬ দফা দাবির মধ্যে রয়েছে- ১ম বর্ষ হতেই প্রশাসন কর্তৃক বৈধ সিট বরাদ্দ করা, গেস্টরুম নামক টর্চার সেল বাতিল, সিট বরাদ্দে রাজনৈতিক হস্তক্ষেপ চলবে না, অবৈধভাবে সিট দখলকারীদের অবিলম্বে হল ত্যাগ করতে হবে, পলিটিক্যাল গণরুম বাতিল কর।
