মতবিনিময় সভায় রাজউক চেয়ারম্যান

রাজধানীকে শিশু বান্ধব করে গড়ে তোলা হবে

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ০২:৪৪ এএম

রাজউক চেয়ারম্যান ড. সুলতান আহমেদ বলেছেন, ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনায় (ডিটেইলড এরিয়া প্ল্যান ড্যাপ) রাজধানীকে শিশুবান্ধব করে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে মহানগরকে শিশুবান্ধব করতে শিশুদের কাছ থেকে দেওয়া সব প্রস্তাব রাজউক ড্যাপে অন্তর্ভুক্ত করা হবে। গতকাল শনিবার রাজউকের সভাকক্ষে সংস্থাটি কর্তৃক প্রণয়নাধীন সংশোধিত ড্যাপে শিশুদের প্রস্তাব অন্তর্ভুক্তিকরণের জন্য শিশুদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিশুবান্ধব আদর্শ নগর গড়ে তুলতে ও শিশুদের চাহিদা এবং স্বপ্নের প্রতিফলন নিশ্চিত করতে রাজউক ও সেভ দ্য চিলড্রেনের যৌথ উদ্যোগে এ সভা হয়। এতে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানাসের সাবেক ভাইস প্রেসিডেন্ট নগর পরিকল্পনাবিদ ও স্থপতি সালমা এ শফি, সেভ দ্য চিলড্রেনের ডেপুটি ডিরেক্টর সৈয়দ মতিউল আহসান বক্তব্য দেন।

রাজউক চেয়ারম্যান বলেন, ‘শিশুরা প্রস্তাবনায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে খেলার মাঠের অভাবকে। তাই আমি রাজউকের সব প্রকল্পের খালি খণ্ড জমি বরাদ্দ না দিয়ে, সেগুলোকে বিনোদন বা অবকাশ যাপনের জন্য পার্ক কিংবা সবুজ চত্বর করার নির্দেশনা দিয়েছি। তিনি আরও বলেন, ড্যাপ বাস্তবায়ন শুধু রাজউকের একার কাজ নয়, এর সঙ্গে সরকারি-বেসরকারি অনেক সংস্থা জড়িত। পরিকল্পনামাফিক কাজ করে রাজধানীর উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত