চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে ৭ জন নিহত, আহত ৮

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১০:১৩ এএম

চট্টগ্রামের পাথরঘাটায় সড়কের পাশের একটি ভবনে গ্যাস লাইন বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন।

রবিবার সকাল ৯টার দিকে পাথরঘাটার ব্রিক ফিল্ড সড়ক এলাকার একটি পাঁচতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার।

তিনি বলেন, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা বাড়তে পারে।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের ফলে ভবনের দেয়াল স্প্লিন্টারের মতো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে অফিস এবং স্কুল শুরুর সময় হওয়ায় সড়কে ভিড় ছিল। বিস্ফোরণে ভবনের দেয়াল সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ায় পথচারীরাও হতাহত হন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবনের নিচে থাকা গ্যাস সংযোগ লাইনে বিস্ফোরণ হয়েছে। এতে ভবনের দেয়াল ধসে গেছে।

ভবনের বাসিন্দা ছাড়াও হতাহতদের মধ্যে পথচারীরাও থাকতে পারেন বলে আশঙ্কা করছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত