মুন্সীগঞ্জ সদরের বাগেশ্বর এলাকায় বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে নারী ও শিশুসহ ২ শতাধিক লোক অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ৫০ জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সদর উপজেলার মহাকালী ইউনিয়নের বাগেশ্বর এলাকার আলী কমিউনিটি সেন্টারে শনিবার বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন বর ও কনে পক্ষের ২ শতাধিক অতিথি।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার শৈবাল বসাক জানান, শনিবার সন্ধ্যার পর থেকে অসুস্থ নারী, পুরুষ ও শিশুরা হাসপাতালে আসতে শুরু করে। রবিবার সকাল পর্যন্ত অসুস্থ বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অসুস্থরা পেট ব্যথা ও বমি নিয়ে হাসপাতালে আসেন।
অসুস্থ মো. মতিন জানান, সদর উপজেলার বাগেশ্বর দেওয়ান বাড়ি গ্রামের আসাবুদ্দিদের মেয়ে রুপা আক্তার ও একই উপজেলার পঞ্চসার গ্রামের সফিউদ্দিনের ছেলে রানা দেওয়ানের মধ্যে এ বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
