নীরব-বুবলীর ‘ক্যাসিনো’

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১০:৩৫ পিএম

জনপ্রিয় মডেল ও অভিনেতা নীরব হোসেন। এক যুগের বেশি সময় ধরে মিডিয়ায় কাজ করে যাচ্ছেন। ক্যারিয়ারের শুরুতেই বাংলালিংকের বিজ্ঞাপনচিত্র দিয়ে সাধারণ ছেলেটি হয়ে যান অন্যতম আলোচিত মডেল। এরপর অসংখ্য মানসম্মত বিজ্ঞাপনচিত্র ও নাটকে অভিনয় করে দর্শকের আস্থা অর্জন করেন। এই জনপ্রিয়তা কাজে লাগিয়ে এখন তিনি ব্যস্ত চলচ্চিত্র নিয়ে। তবে তিনি চলচ্চিত্র ক্যারিয়ারে এখন যে অবস্থানে আছেন, তার চেয়ে ভালো জায়গা তার প্রাপ্য বলে অনেকেই মনে করেন। হয়তো চলচ্চিত্রের মতো বিশাল মাধ্যমে এসে শুরুতে সঠিক সিদ্ধান্ত নিতে পারতেন না সব সময়। কিন্তু এখন নীরব অনেক পরিপক্ব। অভিনয়, নাচ, ফাইট থেকে শুরু করে ফিল্মি পরিবেশ তিনি খুব ভালো বোঝেন। তাই তো কয়েক বছর ধরে তিনি শুধু বড় বাজেটের মানসম্মত সিনেমাতেই কাজ করছেন। এ বছর মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে তার অভিনীত ‘আব্বাস’ বেশ আলোচিত। সিনেমাটির সফলতার পর এর সিক্যুয়েলও তৈরি হচ্ছে। এটি নিঃসন্দেহে নীরব ভক্তদের জন্য সুখবর।

তবে সব খবরকে ছাড়িয়ে নতুন চমক দিতে যাচ্ছেন নীরব। এ সময়ের অন্যতম সফল চিত্রনায়িকা শবনম বুবলীকে সঙ্গে নিয়ে নতুন সিনেমা শুরু করছেন তিনি। এই সিনেমা বেশ কিছু কারণে স্পেশাল হতে যাচ্ছে দর্শকের কাছে। এবারই প্রথম বুবলীকে শাকিব খানের বাইরে অন্য কোনো নায়কের বিপরীতে দেখা যাবে। সিনেমার নাম ‘ক্যাসিনো’। এটি এ সময়ের অন্যতম আলোচিত ইস্যু। বিগ বাজেটের সিনেমাটির শ্যুটিং হবে ঢাকা ও ইন্দোনেশিয়ায়। পরিচালনা করবেন সৈকত নাসির। তিনি এরই মধ্যে ‘দেশা দ্য লিডার’ সিনেমাটি নির্মাণ করে নিজের জাত চিনিয়েছেন। সিমপ্লেক্স ইন্টারন্যাশনালের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন রাজীব সারোয়ার। নতুন এই জার্নি নিয়ে দারুণ উত্তেজিত নীরব। তিনি বলেন, ‘দর্শক এমন গল্প পর্দায় দেখতে চান, যা নিয়ে তাদের জানার আগ্রহ রয়েছে। ক্যাসিনো-কাণ্ড আমাদের দেশের সাম্প্রতিক ঘটনার মধ্যে অন্যতম আলোচিত বিষয়। এ সিনেমায় দেখানো হবে ক্যাসিনো কী, সেখানে কী কী হয় এবং কারা এর সঙ্গে জড়িত থাকে। শুধু সিনেমার গল্পই নয়, নির্মাতার ভিশন খুবই পরিষ্কার। তিনি জানেন কী তৈরি করতে চান। আমি তার ভাবনার সঙ্গে এতটাই আত্মস্থ হয়ে গেছি, প্রতিদিন আমরা চার-পাঁচ ঘণ্টা করে আলোচনা-পর্যালোচনা করছি। আমরা চাই এমন একটি গল্প বলতে যা শতভাগ অথেনটিক।’

সিনেমায় নিজের চরিত্র নিয়ে নীরব বলেন, ‘এখানে আমি একজন গোয়েন্দার চরিত্রে অভিনয় করব। সারা বিশে^ গোয়েন্দা চরিত্রের ভক্ত রয়েছে। এটি অনেক চ্যালেঞ্জিং চরিত্র। চেষ্টা করছি গোয়েন্দার সব গুণাবলি নিজের মধ্যে ধারণ করতে।’

শাকিব খানের বাইরে অন্য নায়কের সঙ্গে কাজ করা প্রসঙ্গে বুবলী বলেন, ‘আমি বরাবরই বলে এসেছি, শাকিব খান ছাড়া অন্য আরও সঙ্গে কাজ করতে আমার কোনো বাধানিষেধ নেই। তবে ভালো গল্প, নির্মাতা, বাজেট ও সহশিল্পী হতে হবে। ক্যাসিনোর প্রস্তাব পাই আরও দেড় মাস আগে। কিন্তু আমি চূড়ান্ত চিত্রনাট্য না দেখে কাজ করতে চাইনি। পরে গল্প পড়ে, পরিচালক কে তা জেনেই রাজি হয়েছি। নিরব অনেক দিন ধরেই চলচ্চিত্রে কাজ করছেন। তার অভিজ্ঞতাও অনেক বেশি। আর পরিচালক সৈকত নাসির এই প্রজন্মের অন্যতম নির্ভরযোগ্য নির্মাতা। আশা করছি ভালো কিছু হবে।’ নির্মাতা সৈকত নাসির বলেন, ‘সিনেমাটির ফার্স্ট লুক মুক্তি পেয়েছে গতকাল। আগে সিনেমার শ্যুটিং শুরু করি। তারপর কাজের অভিজ্ঞতা বিস্তারিত সবাইকে জানাতে পারব।’

নীরব জানান, আমরা এ মাসের শেষের দিকে সিনেমার শ্যুটিং শুরু করব। ইচ্ছা আছে আগামী বছরের মার্চে সিনেমাটি প্রেক্ষাগৃহে নিয়ে আসার। এর অন্য অভিনয়শিল্পী ও গানের ক্ষেত্রেও চমক থাকছে। ধীরে ধীরে সব জানতে পারবেন দর্শক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত