বলিউডের সবচেয়ে বড় তারকা অমিতাভ বচ্চন। তার সঙ্গে অভিনয়ের জন্য মুখিয়ে থাকেন ইন্ডাস্ট্রির সবাই। আর সেই সুযোগ পেয়েও হেলায় তা নষ্ট করলেন কৃতি খারবান্দা। নাক উঁচু স্বভাব কাল হয়েছে তার।
জি নিউজ জানায়, সম্প্রতি অমিতাভ ও ইমরান হাসমির সিনেমা ‘চেহারে’তে মূল নায়িকার ভূমিকায় অভিনয়ের কথা ছিল কৃতির। সেই অনুযায়ী শুটিংও শুরু করে দিয়েছিলেন নায়িকা। কিন্তু শেষ পর্যন্ত বাদ দেওয়া হয় তাকে।
শিগগিরই কৃতির জায়গায় অন্য কোনো অভিনেত্রী যুক্ত হবেন বলে শোনা যাচ্ছে।
সংবাদমাধ্যমটি জানায়, কৃতির নাক উঁচু স্বভাব এবং তার ম্যানেজারের অব্যবস্থাপনার জন্যই শেষ পর্যন্ত বিগ বি-র সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি কৃতি।
দক্ষিণ ভারতীয় সিনেমার হিট এই নায়িকা ‘শাদি মে জরুর আনা’ ও ‘পাগলপন্থি’র মাধ্যমে বলিউডে পরিচিতি পান। তবে এখনো সেভাবে পসার জমাতে পারেননি, বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় নেই তার নাম।
অক্ষয় কুমারের সঙ্গে সম্প্রতি ‘হাউসফুল ফোর’-এ অভিনয় করেন কৃতি। সিনেমাটি জমিয়ে ব্যবসা করছে। তবে এই ফ্র্যাঞ্চাইজি আগে থেকেই হিট। এ ছাড়া এখানে নায়িকাদের খুব একটা কিছু করার থাকে না। কৃতিত্ব চলে যায় নায়কদের ঝুলিতে।
