সতীর্থকে পিটিয়ে ‘কঠিন’ শাস্তির মুখে শাহাদাত

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ০১:৪২ পিএম

গৃহকর্মীকে মেরে জেলখাটা শাহাদাত হোসেন রাজীব এবার আরাফাত সানির (জুনিয়র) গায়ে হাত তুলে ‘কঠিন’ শাস্তি পেতে যাচ্ছেন। ম্যাচ রেফারি যে রিপোর্ট বোর্ডের কাছে দিয়েছেন, সেখানে তার অপরাধকে ‘লেভেল ৪’ বলা হয়েছে।

জাতীয় লিগের ম্যাচে পেসার রাজীব এই কাণ্ড ঘটান। চড়-থাপ্পড়ের পাশাপাশি মাঠের মধ্যে সানিকে লাথিও মেরেছেন বলে অভিযোগ উঠেছে।

শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা বিভাগ ও খুলনা বিভাগের ম্যাচে বলের এক পিঠ ঘষে দেওয়ার জন্য আরাফাতকে বলেন রাজীব। আরাফাত সেটা ঠিকঠাক করতে পারবেন না বলাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন লম্বাদেহী পেসার। এক পর্যায়ে অতিক্রম করেন সীমা।

ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপার বলছেন, ‘শাহাদাত রাজীব যা ঘটিয়েছে, সেটা লেভেল ৪ এর আওতায়। এ শাস্তি অনেক কঠিন ও বড়। এটা তেড়ে যাওয়া, বাজে অঙ্গভঙ্গি বা গালি দেয়ার মতো ছোটখাটো ঘটনা নয়।’

‘সরাসরি গায়ে হাত তোলা। এর শাস্তি কঠিন। কমপক্ষে ১ বছর নিষিদ্ধ করার বিধান আছে আইনে। রিপোর্ট বিসিবিতে পাঠিয়ে দিয়েছি। তদন্তের পর বোর্ডই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত