ওয়ানডের মতো গ্যালারিতে আকাশফাটা চিৎকার। সন্ধ্যা নামতেই আলোর ঝলকানি। টেস্টে এমন দৃশ্য উপহার দেওয়ায় প্রহর গুনছে ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্স। সৌরভ গাঙ্গুলি এই ম্যাচ ঘিরে টেস্ট ক্রিকেটের ‘পুনরুজ্জীবন’ দেখছেন।
২২ নভেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। দুই দলের জন্যই এটি প্রথম দিন-রাতের টেস্ট। ইতিমধ্যে ৬৫ হাজারের বেশি টিকিট বিক্রি শেষ!
‘এটাই রাস্তা ছিল সামনের দিকে তাকানোর। আসল চ্যালেঞ্জ হল মানুষকে মাঠে ফিরিয়ে আনা,’ সৌরভ বলেন, ‘একটা ভারত-পাকিস্তান ম্যাচ ঘোষণা হলেই বিশ্বের যে কোনো জায়গায় মাঠ ভরে যায়। এই টেস্ট ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের চেয়েও কঠিন আয়োজন করা। এখানে টেস্টের পুনরুজ্জীবন হবে।’
সৌরভ ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘প্রথম তিন দিন ৬৫ হাজার দর্শক মাঠে থাকবে। এর চেয়ে বড় তৃপ্তির কিছু হয় না।’
