সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, তার স্ত্রী ও ছেলের নামে হংকংয়ের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হিসাব জব্দের আদেশ স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারিক আদালতের ওই আদেশ স্থগিত চেয়ে মোরশেদ খানের করা আপিলের শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খান জানান, ফলে মোরশেদ খান ও তার ছেলের ব্যাংক হিসাব জব্দই থাকছে।
আদালতে মোরশেদ খানের পক্ষে ছিলেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত এক আদেশে মোরশেদ খানের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেয়। বিচারিক আদালতের এ আদেশই সোমবার বহাল রেখেছে হাইকোর্ট।
২০১৬ সালের ৫ জুন হাইকোর্ট এক আদেশে মোরশেদ খান, তার স্ত্রী ও ছেলের হংকংয়ের ব্যাংক হিসাব স্থগিত করে রুল দেয়। রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে ৯ নভেম্বর এক রায়ে মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট।
