নোয়াখালী জেলা আ.লীগের সম্মেলন কাল

২ নেতার মুখোমুখি অবস্থানে আতঙ্কে শহরবাসী

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ০৩:২২ এএম

আগামীকাল ২০ নভেম্বর নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এতে সাংসদ একরামুল করিম চৌধুরী ও নোয়াখালী পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেল দুজনই সাধারণ সম্পাদক পদের জন্য মুখোমুখি অবস্থান করায় আতঙ্কে আছেন জেলা শহরের বাসিন্দারা।

নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছু উদ্দিন জেহান জানান, ২০ নভেম্বর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। শহীদ ভুলু স্টেডিয়ামে সকাল ১০টায় এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি থাকবেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, প্রধান বক্তা একরামুল করিম চৌধুরী। সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী।

শামছুউদ্দিন জেহান আরও বলেন, সম্মেলনকে কেন্দ্র করে আতঙ্কের কিছু নেই, শান্তিপূর্ণভাবে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। কেউ যদি আতঙ্ক সৃষ্টি করে বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ তা প্রতিহত করবে।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের একজন উপদেষ্টা জানান, সম্মেলন ঘিরে আনন্দ উৎসব থাকবে এটাই স্বাভাবিক। তবে এখন উৎসবের পরিবর্তে সারা জেলায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের নেতারা বিএনপি-জামায়াতের ক্যাডারদের ভাড়া করে আনছেÑ এটা ভাবতেই অবাক লাগে।

আইনশৃঙ্খলা প্রসঙ্গে পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, আওয়ামী লীগ দেশের বড় দল। তা ছাড়া দলের সেক্রেটারির জেলা নোয়াখালী, এখানে একটু বেশি আনন্দ উৎসব তো থাকবেই। এখানে আতঙ্কের কিছু নাই। তারপরও আইনশৃঙ্খলা রক্ষায় আইন প্রয়োগকারী সংস্থা প্রস্তুত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত