সাভারের আশুলিয়ায় নয়ন (১৯) নামে এক যুবকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তার মৃতদেহটি একটি রাস্তার পাশে ফেলে রেখে যায়। খবর পেয়ে মঙ্গলবার সকালে আশুলিয়ার ভাদাইল দক্ষিনপাড়া এলাকার ওয়েসিস স্কুলের পাশের একটি শাখা সড়ক থেকে ওই যুবকের মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত নয়ন পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতেন বলে জানিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবরে ভাদাইল এলাকার ওয়েসিস স্কুলের পাশে একটি ইট সলিং রাস্তার ওপরে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পূর্বশত্রুতার জের ধরে ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর তার লাশটি রাস্তার উপর ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) রিজাউল হক দীপু বলেন, নিহত নয়ন দুষ্ট লোক ছিল। সে পুলিশের সোর্স পরিচয় দিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতো। এলাকার লোক তাকে ফর্মা বলে চেনেন। তবে থানা পুলিশের কোনো অফিসারের সঙ্গে সে সম্পৃক্ত না থাকায় তাকে সোর্স বলা যাবে না।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
