সাবেক ভিসির অনিয়ম তদন্তে বশেমুরবিপ্রবিতে দুদক পরিচালক

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১০:৫৫ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের ঘুষ, দুর্নীতি, ভর্তি ও নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন প্রকার মালামাল ক্রয়ে অনিয়মের অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশন (দুদক) কাজ শুরু করেছে।

গতকাল মঙ্গলবার সকালে দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি তাদের একটি করে ফরম দেন। ওই ফরমে সাবেক উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির কোনো তথ্য থাকলে লিখিতভাবে সেগুলো জানাতে বলা হয়েছে। এ ছাড়া দুদক পরিচালক বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন প্রকল্পের কাজসহ ক্যাম্পাস ঘুরে ঘুরে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। জানা যায়, তিনি বিশ্ববিদ্যালয়ে দুদিন অবস্থান করে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নূরউদ্দিন আহমেদ দেশ রূপান্তরকে বলেন, দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যা বিশ্ববিদ্যালয়ে এসে বিভিন্ন তথ্য-উপাত্ত, ফাইলসহ প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছেন। আমরা সব ধরনের কাগজপত্র দিয়ে সহায়তার চেষ্টা করছি। এ ছাড়া দুদক পরিচালককে সহায়তা করার জন্য বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার এস.এম. এস্কান্দার আলীকে প্রধান করে আমরা পাঁচ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করেছি।

সমন্বয় কমিটির প্রধান ইঞ্জিনিয়ার এস.এম. এস্কান্দার আলী দেশ রূপান্তরকে বলেন, দুদকের অনুসন্ধানের কাজে প্রয়োজনীয় কাগজপত্রসহ তথ্য-উপাত্তগুলো নির্বিঘেœ সরবরাহের জন্য আমরা সহায়তা করছি।

প্রসঙ্গত, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ভর্তি ও নিয়োগ বাণিজ্য, স্বেচ্ছাচারিতা, নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগে শিক্ষার্থীদের ১২ দিনের আন্দোলনের মুখে অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন গত ৩০ সেপ্টেম্বর উপাচার্য থেকে পদত্যাগ করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত