ডাকাতির নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১০:৫৭ পিএম

নরসিংদীতে নিজ বাড়িতে ডাকাতির নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছেন এক ব্যক্তি। এ ঘটনায় অভিযুক্ত রূপচান মিয়া নামে ওই ব্যক্তি ও তার ১০ সহযোগীকে আটক করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে সদর থানার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর এলাকায় ঘটনাটি ঘটে।

আটকরা সবাই বাদুয়ারচর গ্রামের বাসিন্দা। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সেলিম ভূঁইয়া ও তার লোকজনকে ফাঁসাতে মিথ্যা ডাকাতির নাটক সাজানোর কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও নয়জনকে আটক করে পুলিশ। বাদুয়ারচর গ্রামের বাসিন্দা অলিউল্লাহ দেশ রূপান্তরকে বলেন, ‘মসজিদের মাইকে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি প্রতিপক্ষকে ফাঁসাতে রূপচান মিয়ার বাড়ির লোকজনই নাটক সাজিয়েছে। পরে পুলিশ এসে প্রাথমিক তদন্ত করে অভিযুক্তদের আটকে থানায় নিয়ে যায়।’

এ ব্যাপারে জানতে চাইলে সেলিম ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, ‘রূপচান মিয়ার সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ চলছিল। সন্ধ্যায় তারা জোরপূর্বক আমাদের জমিতে হালচাষ করতে আসে। ওই সময় আমরা বাধা দিই। এ ঘটনায় আমাদের শায়েস্তা করতে ডাকাতির নাটক সাজানো হয়। আমাদের বিরুদ্ধে মামলা দিতে নিজেরাই নিজেদের রক্তাক্ত করে। পরে পুলিশ এলে ঘটনা ফাঁস হয়ে যায়। আমি তাদের বিচার চাই।’ তবে এ ঘটনায় অভিযুক্ত রূপচান মিয়া পুলিশের হাতে আটক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত