শিক্ষকের বাধায় পরীক্ষা দিতে পারল না প্রতিবন্ধী হিমু

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১১:১১ পিএম

বুদ্ধিপ্রতিবন্ধী, তাই ফলাফল খারাপ হতে পারে এমন অজুহাতে পাবনার চাটমোহরে হিমু খাতুন নামে এক শিক্ষার্থীকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় অংশ নিতে দেননি প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রধান শিক্ষক আবুল কালাম নিষেধ করায় গত রবিবার থেকে শুরু হওয়া এ পরীক্ষায় অনুপস্থিত রয়েছে হিমু খাতুন।

উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আবদুল হাই ও সেলিনা পারভীন দম্পতির এক ছেলে ও এক মেয়ের মধ্যে হিমু বড়। জন্ম থেকেই হিমু বুদ্ধিপ্রতিবন্ধী। তবে একটু সময় দিলে সবকিছুই বুঝতে পারে সে। দক্ষিণ শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী হিমু গত অক্টোবর মাসে স্কুলের চূড়ান্ত মডেল টেস্টেও পাস করেছে। কিন্তু গত রবিবার শুরু হওয়া পিইসি পরীক্ষায় তার কেন্দ্র গুনাইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হিমুর আসনটি ছিল ফাঁকা। এ ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক আবুল কালাম মুঠোফোনে বলেন, ‘হিমু নামের ওই শিক্ষার্থী লিখতে পারে না, বোঝে না কিছুই। তো দেখলাম, পরীক্ষা দিলে ফেল করবে, এতে স্কুলের দুর্নাম হবে। তাই আগামী বছর পরীক্ষা দেওয়ার জন্য হিমুর বাবা-মায়ের কাছ থেকে প্রত্যয়ন নিয়েছি।’

জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম ক্ষোভ জানিয়ে বলেন, ‘এত বছর যে মেয়েটি পাস করে এলো সেই মেয়ে পাস করতে পারবে না এটা ভুল। আর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অনেক সুযোগ-সুবিধা দেওয়া হয়। ওই প্রধান শিক্ষক প্রত্যয়ন নিয়ে এবং স্কুলের দুর্নাম হবে বলে পরীক্ষা দিতে না দিয়ে অপরাধ করেছেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত