পরিবহন ধর্মঘট মানুষকে জিম্মি করে এটা সমর্থন করি না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘সড়ক পরিবহন আইন নিয়ে নিয়ে কারও যদি কথা থাকে মালিক হোক, শ্রমিক হোক টেবিলে বসে সমস্যার সমাধান করুন। কিন্তু মানুষকে জিম্মি করে কোনো রাজনীতি আমরা অতীতে করিনি ভবিষ্যতেও করব না।’
গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের এক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘সড়কের ব্যাপারে আমরা সব সময় বলেছি যে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। যে আইনটি করা হয়েছে আমরা মনে করি বাস্তবায়নের পথে রয়েছে। জনগণকে আমরা অনুরোধ করব দেশবাসীকে আমরা অনুরোধ করব কষ্ট হলেও আপনারা আইন বাস্তবায়নে আমাদের সহযোগিতা করুন।’ পেঁয়াজের মূল্যবৃদ্ধি ও চালের দাম ওঠানামা বিষয়ে খাদ্য, বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়ের সমন্বয় বাড়ানোর পরামর্শ দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি-জামায়াত এমন কোনো কাজ নেই যা করতে পারে না। কিছু অসাধু ব্যবসায়ী মানুষের ক্ষুধা নিয়ে মুনাফা করতে চায়। আর একটি চিহ্নিত মহল মানুষের ক্ষুধা নিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে রাজনীতি করতে চায়।
