টাঙ্গাইলের মির্জাপুরে রণজিৎ কুমার পাল (৩০) নামে এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুল্যা মুনসুর গ্রামের ছানোয়ার ও আনোয়ার নামে দুই সহোদরকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার সকালে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মুনসুর গ্রামের একটি সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রণজিৎ দিশা নামে একটি এনজিও’র সিনিয়র ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঠাকুরগাঁও জেলার পোশামন্ডলপল গ্রামের অতুল পালের ছেলে।
পুলিশ জানায়, রণজিৎ পাল গত মঙ্গলবার সকালে সঞ্চয় ও কিস্তি আদায়ের জন্য বের হন। কয়েকটি সমিতির সঞ্চয় ও কিস্তি আদায় শেষে দুল্যা মুনসুর গ্রামের ছানোয়ার ও আনোয়ারের বাড়িতে কিস্তি তুলতে যান।
এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় বলে ওই এনজির শাখা ম্যানেজার রওশন আলম জানান। বিকেলে ৪টার দিকে ছানোয়ারের বাড়ির পাশে একটি দোকানের পাশে রণজিৎ পালের ব্যবহৃত সাইকেল ও ব্যাগ পাওয়া যায়।
রণজিতের খোঁজ না পেয়ে সন্ধ্যায় মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে এনজিও কর্তৃপক্ষ।
