ইবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত ১০

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১২:০২ এএম

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় জিয়া হল মোড় ও বিজনেস স্টাডিজ অনুষদের সামনে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র রিজভী আহমেদ ওশানকে ডেকে নেন লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ঝিনুক, আলাল ইবনে জয় ও চঞ্চু চাকমা। সিনিয়রদের সঙ্গে খারাপ আচরণ করেছে জানিয়ে ওশানকে তারা চড়-থাপ্পড় মারেন। পরে ওশান তার অনুসারীদের নিয়ে জিয়া মোড়ে অবস্থান নেন। ঝিনুক ও জয় এলে তাদের ধাওয়া করেন। এ সময় তাদের মধ্যে সংঘর্ষ হয়। পরে ব্যবসায় অনুষদ ও বিশ্ববিদ্যালয় মেডিকেলের সামনে দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় গ্রুপকে বুঝিয়ে হলে পাঠিয়েছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছি। আশা করছি, নতুন কোনো ঝামেলা হবে না।’

সাবেক প্রক্টর নিয়ে শিক্ষক-ছাত্রলীগ মুখোমুখি : ছাত্রশিবির সংশ্লিষ্টতার অভিযোগ এনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের কুশপুত্তলিকা দাহ নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে ছাত্রলীগ ও শিক্ষকরা। গতকাল বুধবার সকালে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর সঙ্গে দেখা করে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের অন্তত ৩০ শিক্ষক কুশপুত্তলিকা দাহকারী ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের বহিষ্কারের দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত