১৯৯৫ সালের পর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতেনি পাকিস্তান। আর হেরেছে শেষ ১২টি টেস্ট। এমন বাজে রেকর্ড সঙ্গী করেই আজ ভোরে (বাংলাদেশ সময় ভোর ৬টা) ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামছে পাকিস্তান।
প্রেক্ষাপট এমন নৈরাশ্যজনক হলেই ঘুরে দাঁড়ায় পাকিস্তান। বাস্তবে যদি তা সম্ভব করে দেখাতে পারে আজহার আলির দল তাহলে তারিফ করবে ক্রিকেট দুনিয়া। কিন্তু সেই সম্ভাবনা কি আছে? এই প্রশ্নের ইতিবাচক উত্তর হতে পারে যদি নাসিম শাহর মতো তরুণ তুর্কিরা জ্বলে উঠতে পারেন। অস্ট্রেলিয়া সফররত পাকিস্তান দলে তিনজন টিনএজ পেসার, যার মধ্যে ১৬ বছরের নাসিম একজন। আজ ব্রিসবেনে তার অভিষেক হবে। প্রস্তুতি ম্যাচে দারুণ বল করেছিলেন। গতি আর সুইংয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেন। ঘরোয়া ক্রিকেটে গতির ঝড় তুলে সাড়া ফেলার পরই অস্ট্রেলিয়া সফরের পাকিস্তান দলে ডাক পেয়েছেন তিনি। এখন নির্বাচকদের আস্থার প্রতি সুবিচার করতে পারবেন কি না তা সময়ই বলবে।
কেবল বোলিংয়ে নয়, পাকিস্তানের ব্যাটিংলাইনও মন্দ নয়। ২০১৬-১৭ সালে অস্ট্রেলিয়া সফরে রান পাওয়া আজহার এবং আসাদ শফিকের সঙ্গে আছেন দুর্দান্ত খেলা বাবর আজম। একসঙ্গে তারা জ্বলে উঠতে পারলে অস্ট্রেলিয়ার জন্য তা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। তবে সেই চ্যালেঞ্জ সামলানোর জন্য প্যাট কামিন্সরাও আছেন। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ অ্যাশেজ সিরিজে দারুণ বোলিং করেন কামিন্স। তাছাড়া পাকিস্তানের তারুণ্যনির্ভর পেস বোলিং আক্রমণকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য আছেন স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। বল টেম্পারিংয়ের কারণে এক বছরের নির্বাসন কাটিয়ে খেলেছেন অ্যাশেজ সিরিজ। স্মিথ এতটাই ভালো খেলেছেন যে ইংল্যান্ডের জোফরা আর্চার ও স্টুয়ার্ট ব্রডের মতো পেসাররাও কোনো উত্তর খুঁজে পাচ্ছিলেন না। মূলত তার ব্যাটিং দাপটেই সিরিজ ২-২ করে ঘরে ফিরেছিল অস্ট্রেলিয়া। ওয়ার্নার তেমন কিছু করতে পারেননি অ্যাশেজে। ১০ ইনিংসে মাত্র ৯৫ রান করেছিলেন। তবে সেসব এখন অতীত। পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে দুরন্ত ব্যাটিং করেছেন তিনি। টেস্টে সেই ফর্ম দেখাতে পারলে পাকিস্তানের নতুন অধিনায়ক আজহার আলিকে দুশ্চিন্তায় পড়তে হবে। যদিও তিনি বলেছেন, ‘আমরা এখানে আত্মবিশ্বাস নিয়ে এসেছি। ভালো করার মতো প্রতিভাধর খেলোয়াড় এবং ইতিবাচক মনোভাব আছে আমাদের। গত সিরিজে আমরা এখানে ভালোই খেলেছিলাম। এবার দলে কিছু তরুণ মুখ আছে। অস্ট্রেলিয়াকে হারানোর ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আমাদের ভয় পেলে চলবে না।’ তারুণ্যনির্ভর পাকিস্তানের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গারও। তিনি বলেছেন, ‘পাকিস্তান দলকে আমরা ভীষণ সম্মান করি। অনুশীলন ম্যাচে তাদের দেখেছি। টেকনিক্যালি দারুণ কিছু ব্যাটসম্যান আছে তাদের। আমি কোনো একজনের নাম বলব না। তারা খুব ভালো ব্যাটিং সাইড।’
