জকিগঞ্জে যুবককে চ্যাংদোলা করে নির্যাতন, ভিডিও ভাইরাল

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ০৯:২২ পিএম

সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক যুবককে বাঁশের সঙ্গে হাত-পা বেঁধে চ্যাংদোলা করে নির্যাতনের ঘটনায় ইউপি সদস্যসহ চারজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জকিগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলো- জকিগঞ্জের কাজলশার ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম ওরফে ফকির মাস্তান, ইউপি সদস্য এবাদুর রহমান এবং তাদের সহযোগী আনোয়ার হোসেন ও শাহজাহান মিয়া।

জকিগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আবদুন নাসের জানান, জকিগঞ্জ উপজেলার বড়বন্দ গ্রামের মৃত সফর আলীর ছেলে গিয়াস উদ্দিনকে (৩৫) বেঁধে নির্মম নির্যাতনের একটি ভিডিও গত বুধবার ফেইসবুকে ভাইরাল হয়। বিষয়টি পুলিশেরও নজরে আসে। এরপর পুলিশ অনুসন্ধান করে নিশ্চিত হয় নির্যাতনকারী ওই ব্যক্তি হলেন কাজলশার ইউপি সদস্য আবদুস সালাম ওরফে ফকির মাস্তান। এরপর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ফকির মাস্তানসহ ৪ জনকে আটক করা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গিয়াস উদ্দিনকে (৩৫) বাঁশের সঙ্গে বেঁধে চ্যাংদোলা করে লাঠি দিয়ে নির্মমভাবে পেটাচ্ছেন আবদুস সালাম। আর তার সহযোগীরা চারপাশে দাঁড়িয়ে রয়েছেন। বেধড়ক মারপিটে গিয়াস উদ্দিন চিৎকার দিয়ে কান্নাকাটি করলেও পিটুনি থামাচ্ছেন না সালাম। এক পর্যায়ে গিয়াস উদ্দিন অনেকটা অচেতন হয়ে পড়লে চলে যান আবদুস সালাম।

জকিগঞ্জ থানার ওসি আরো জানান, নির্যাতনের ওই ভিডিওটি প্রায় আড়াই মাস আগের। কিন্তু নির্যাতিত গিয়াস উদ্দিন ভয়ে এ ব্যাপারে মুখ খোলেননি। এখন ভিডিওটি ফেইসবুকে ছড়িয়ে পড়ায় ঘটনা জানাজানি হয়েছে। নির্মম নির্যাতনের দৃশ্য দেখে মানুষ হতবাক হচ্ছেন এবং নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।

পুলিশ সূত্র জানায়, নির্যাতনকারী আবদুস সালামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ আরো বিভিন্ন অভিযোগ রয়েছে। গত ১০ অক্টোবর উপজেলার চারিগ্রামের আবদুল মান্নানকে ব্যাপক মারধর করেন আবদুস সালাম। ওইদিন রাতেই বিষক্রিয়ায় আবদুল মান্নানের মৃত্যু হয়। অপমান সহ্য করতে না পেরে আবদুল মান্নান বিষপানে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও মান্নানের চাচাতো ভাই শাকিল আহমদ দাবি করেছেন তার ভাইকে হত্যা করে মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে গত ১২ নভেম্বর তিনি পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এতে তিনি উল্লেখ করেছেন, আবদুল মান্নানের স্ত্রীর সঙ্গে ইউপি সদস্য আবদুস সালামের অনৈতিক সম্পর্ক রয়েছে। এর প্রতিবাদ করায় আবদুল মান্নানকে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি জানান, আবদুল মান্নানের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। পুলিশ এখন মামলাটি নতুন করে তদন্ত করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত