ভোলায় ফায়ার সার্ভিসের গাড়ি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ০১:৩৩ পিএম

ভোলার তজুমদ্দিন উপজেলায় ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. জাকির হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা শামিম নামের আরও একজন গুরুতর আহত হন। শুক্রবার সকালে কুঞ্জেরহাট-তজুমদ্দিন সড়কের মুচি বাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বাসিন্দা ও তজুমদ্দিনের মডেল মসজিদের রাজমিস্ত্রী হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানায়, সকালে জাকির ও শামিম ভোলা সদর থেকে তজুমদ্দিনের উদ্দেশ্যে রওনা হয়। এ সময় তারা কুঞ্জেরহাট-তজুমউদ্দিন সড়কের মুচি বাড়ির মোড়ে আসলে ফায়ার সার্ভিসের একটি পানিবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন।

আহত শামিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে এসে বিপরীত দিক থেকে আসা ফায়ার সার্ভিসের গাড়ির সঙ্গে ধাক্কা দেয়। এতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত