লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতিকালে গণপিটুনিতে সোহেল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫ ডাকাত পিটুনির শিকার হয়ে আহত হন। শুক্রবার ভোরে উপজেলার বামনী ইউনিয়নের সাগরদী গ্রামে এ ঘটনা ঘটে।
মরদেহ রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহত ডাকাতদলের সদস্যদের পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, ভোর রাতে স্থানীয় জব্বার আলী বেপারি বাড়ির প্রবাসী মনিরের বসতঘরে ডাকাতিকালে বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের মানুষ মসজিদের মাইকে এলাকায় ডাকাত ঢুকেছে বলে ঘোষণা দিয়ে ডাকাতদের ঘেরাও করে ৬ জনকে ধরে ফেলে।
এ সময় তাদের গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে গুরুতর আহত হয় ডাকাত দলের সদস্যরা।
পরে ডাকাতদের হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক চাঁদপুরের হাইমচরের বাসিন্দা সোহেল নামের একজনকে মৃত ঘোষণা করেন। অপর আহতরা হলেন- মো. কাউছার, মো. মমিন, মো. মিরাজ, সুমন ও ইব্রাহীম।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতিকালে ৬ ডাকাতকে গণপিটুনি দেয় জনতা। খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পর একজন নিহত হয়। অপর আহতদের পুলিশি হেফাজতে চিকিৎসা চলছে। ডাকাতদের কাছ থেকে ২টি এলজি ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
