চালের দাম বাড়ানোর চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১২:৫১ এএম

গুজব ছড়িয়ে চালের দাম বাড়ানোর চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘দেশে প্রয়োজনের চেয়ে অনেক বেশি খাদ্য শস্য মজুত রয়েছে’। সিন্ডিকেট করে চালের দাম বাড়ানোর কোন ধরনের সুযোগ নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী।

শুক্রবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশরত্ন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন খাদ্য শস্য স্বয়ংসম্পূর্ণ। চলতি মৌসুমে আমন ধানের ফলন খুব ভালো হয়েছে। চালের দাম স্থিতিশীল রাখতে নজর রাখা হয়েছে। কোন অজুহাতেই চালের দাম বাড়ানোর চেষ্টা মেনে নেওয়া হবে না। 

তিনি বলেন, কৃষকরা কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে শস্য উৎপাদন করছে। কৃষকের শ্রম কিছুতেই মূল্যহীন হতে দেওয়া যাবে না। অতিরিক্ত দামে যেন ভোক্তাকে চাল কিনতে না হয় সে জন্য চালের বাজারে মনিটরিং জোরদার করা হয়েছে।

এ সময় কৃষকদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী বলেন, সরকারিভাবে ধান ক্রয় সহজ ও ডিজিটালাইজড করতে পরীক্ষা মূলকভাবে দেশের ১৬ উপজেলায় কৃষক অ্যাপ চালু করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় এটি চালু করা হবে। কৃষক অ্যাপের সুবিধা নিয়ে কোন ধরনের ঝামেলা ছাড়াই কৃষকরা খাদ্য গুদামে ধান সরবরাহ করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত