এক কিশোরীর সঙ্গে জোর করে যৌন সংসর্গ করার অভিযোগে এবং নিউইয়র্কের একটি কারাগারে মৃত মার্কিন ধনকুবের জেফরি এপস্টেইনকে সহযোগিতা করায় ব্রিটিশ যুবরাজ ডিউক অব ইয়র্ক অ্যান্ড্রুকে বাকিংহাম প্যালেসের রাজ পরিবারের আনুষ্ঠানিক দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
টাইমস অব লন্ডনের বরাত দিয়ে শুক্রবার নিউইয়র্ক ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়, জেফরি এপস্টেইনের কেলেঙ্কারির ঘটনায় শুক্রবার বাকিংহাম প্যালেসে রাজপরিবারের আনুষ্ঠানিক দায়িত্ব থেকে ডিউক অব ইয়র্ক অ্যান্ড্রুকে বহিষ্কার করা হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, শিশু-কিশোরীদের পাচার ও জোর করে যৌনদাসীর কাজ করানোর মতো গুরুতর অভিযোগে গ্রেপ্তার হন মার্কিন ধনকুবের জেফরি এপস্টেইন। নিউইয়র্কের একটি কারাগারে অস্বাভাবিক মৃত্যু হয়েছে তার।
অ্যান্ড্রুর বিরুদ্ধে অভিযোগ, ২০ বছর আগে মার্কিন এক কিশোরীর সঙ্গে জোর করে যৌন সংসর্গ করেছিলেন তিনি।
এপস্টেইন তাকে ওই কিশোরীর সঙ্গে আলাপ করিয়ে দেন। সাক্ষাৎকারে এপস্টেইনের সঙ্গে বন্ধুত্বের কথা স্বীকার করেছেন তিনি। কিন্তু ওই নাবালিকার সঙ্গে যৌন সম্পর্ক ও এ নিয়ে এপস্টেইনের সঙ্গে বৈঠকের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন তিনি।
বিসির সঙ্গে সাক্ষাৎকারে এসব বলার পর রানি দ্বিতীয় এলিজাবেথ যুবরাজ চার্লসের সঙ্গে বৈঠক করেন। পরে রানি তার ডিউক অব ইয়র্ক অ্যান্ড্রুকে রাজ পরিবারের আনুষ্ঠানিক দায়িত্ব থেকে বহিষ্কারের ঘোষণা দেন।
একই দিনে অ্যান্ড্রুর ব্যক্তিগত সেক্রেটারি আমান্ডা থার্কসকে চাকরিচ্যুত করেন রানি।
টাইমস অব লন্ডনের প্রতিবেদনে আরও বলা হয়, ব্রিটিশ রাজ পরিবারে অ্যান্ড্রুই প্রথম সদস্য যাকে রাজ পরিবারের আনুষ্ঠানিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।
