রাজধানীর পুরান ঢাকা এলাকায় একসঙ্গে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল শনিবার বিকেলে উদ্বোধন করা উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পার্ক, কমিউনিটি সেন্টার, ফুটপাত, রোড মিডিয়ান ও পাইপ নর্দমা।
ডিএসসিসি সূত্র জানায়, মেয়রের উদ্বোধন করা প্রকল্পের মধ্যে রয়েছেÑ রাজধানীর দয়াগঞ্জ, ধোলাইখাল, সূত্রাপুর এলাকায় নির্মিত মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্ক, সূত্রাপুর কমিউনিটি সেন্টার। এ ছাড়া ডিস্টিলারি রোডের পাইপ নর্দমা নির্মাণসহ রাস্তা ও ফুটপাত, দয়াগঞ্জ চৌরাস্তা থেকে বানিয়ানগর মোড় হয়ে ধোলাইখাল ও সূত্রাপুর থানা পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ।
প্রকল্পগুলো উদ্বোধনকালে মেয়র খোকন বলেন, ‘এসব প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে এলাকাবাসীর দীর্ঘ প্রতীক্ষিত বিভিন্ন দাবি পূরণ হয়েছে। করপোরেশনের পক্ষ থেকে চলমান আরও যেসব উন্নয়ন কার্যক্রম রয়েছে সেগুলোও অতি অল্প সময়ের মধ্যে নগরবাসীর ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তখন ডিএসসিসি এলাকা আরও সুন্দর লাগবে। পুরান ঢাকার চেহারা বদলে যাবে।’
এসব প্রকল্প উদ্বোধনের সময় স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হক, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শহীদুল্লাহ মিনু, প্রধান প্রকৌশলী রেজাউল করিম উপস্থিত ছিলেন।
